Views Bangladesh Logo

ঢাকায় অটোরিকশা চলাচল নীতিমালার আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে অটোরিকশা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে চলে, এই শহর ফাংশন করছে না—আপনারা ভালো করে জানেন, নাগরিকরা জানে। আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন।’

অটোরিকশাচালকদের জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে রবিউল আলম বলেন, ‘তারাও দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। অবশ্যই তাদেরও কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে একমত হয়ে এই যে একটা অব্যবস্থাপনা, তার উত্তরণ ঘটাতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি নীতিমালার আলোকে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এটা করতে চাই, কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। তবে কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকার্যকর হতে দেওয়া হবে না। এটিই হচ্ছে আমাদের অবস্থান।’

এছাড়াও ধানমন্ডি লেকের উন্নয়ন প্রসঙ্গে রবিউল আলম বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ও তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে লেকের পলি উত্তোলন ও অপসারণের কাজ শুরু হয়েছে। প্রায় ১ লাখ ১৯৬৫ হাজার ঘনমিটার পলি অপসারণ করতে হবে এবং প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, লেকের সার্বিক উন্নয়নে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। বিস্তারিত নকশার ভিত্তিতে লেকের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। এতে লাইব্রেরি, জিম, ক্যাফে ও নজরুল মঞ্চসহ বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ওয়াকওয়ে নতুনভাবে সাজানো ও সবুজায়নের পাশাপাশি অবসর ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লেকের পলি অপসারণ ও অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করতে প্রায় আড়াই বছর সময় ধরা হয়েছে। এ উন্নয়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ। নাগরিকদের স্বস্তিতে সময় কাটানোর উপযোগী পরিবেশ ধরে রাখতে লেকে বর্জ্য না ফেলে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ