দেড় ঘণ্টা বন্ধের পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দিলে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ঢাকা অভিমুখী যমুনা ট্রেনটিকে আটকে দেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে তাৎক্ষণিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে আন্দোলনকারীদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দিলে সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ‘মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকাল থেকে তারা ট্রেনটি আটকে রেখেছিলেন। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।’
মতামত দিন