গফরগাঁওয়ে ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ট্রেনটির ইঞ্জিন অক্ষত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রওনা হয়েছেন এবং লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে একটি রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগে বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
মতামত দিন