Views Bangladesh Logo

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাস ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা।

জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে এক ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়ে চার জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

এই দুর্ঘটনার প্রতিবাদে বুধবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় কিছু স্থানীয় লোকজন রাজীব বাস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় কিছু লোকজন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে আসা রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন।

বাস চালকদের দাবি, সেখানকার লোকজন বাসগুলোতে ব্যাপক ভাঙচুর করেছে এবং বাসের স্টাফদের মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। তারা বাস চালাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে ও নিরাপত্তার দাবিতে বুধবার মধ্যরাতে জামালপুর থেকে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

অভিযোগ রয়েছে, জামালপুর-ময়মনসিংহ রুটে রাজীব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, লোকজন আমাদের ড়ি ভাঙছে, চালকদের মারধর করছে। কোনো চালক ইচ্ছা করে দুর্ঘটনার কবলে পড় না। আমরা নিরাপত্তাহীনতাই আছি। আমাদের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে কোনও ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। আলিফ নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, সকালে বাস টার্মিনালে এসেছি বাসে করে ঢাকা যাবো বলে। এখন বাসে উঠলে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকা থাকতাম। কিন্তু এসে দেখি বাস বন্ধ, এ সময় ট্রেনও নেই।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে আমরা বাস চালকদের সঙ্গে কথা বলবো। আর দ্রুত সময়ের মধ্যেই সমাধানের চেষ্টা করব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ