ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত
টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) ভোরে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবে না। এমন উদ্ভুত পরিস্থিতিতে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
তারা বলছে, আটকে পড়া যাত্রীরা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যাত্রীদের মধ্যে যাঁরা ঢাকায় ফিরতে চান, তাঁরা একই টিকিট দিয়ে বিকেল চারটায় কক্সবাজার এক্সপ্রেসে করে যেতে পারবেন।
আকস্মিক এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এর আগেও মঙ্গলবার রাতে একই পথে বাতিল করা হয় পর্যটক এক্সপ্রেসের যাত্রা।
মতামত দিন