Views Bangladesh Logo

চার দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

ঈদ পরবর্তী সময়ে সেতু মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। পরে আরও কয়েকদিন এক লেনে যান চলাচল করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

এতে ঈদের পর বাড়ি ফেরা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, ঈদের পর যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় এই সময়েই মেরামত কাজ নির্ধারণ করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের ফেনী কার্যালয়ের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রামপুর সেতুর মেরামত কাজ আগামী ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। আর ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিকল্পের মধ্যে রয়েছে—র‍্যাব ক্যাম্প সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজের পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনকে সাময়িকভাবে একমুখী ব্যবহার, ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল, বিসিক মোড় হয়ে দেওয়ানগঞ্জ মোড় এবং মহিপাল শহীদ শহিদুল্লা কায়সার সড়ক হয়ে সংযোগ সড়ক ব্যবহার।

তবে স্থানীয়দের মতে, এসব বিকল্প সড়কের বেশিরভাগই শহরের ভেতরের রাস্তা, যা ভারী যানবাহনের জন্য পুরোপুরি উপযোগী নয়। ফলে শহরের অভ্যন্তরে যানজট ও ভোগান্তি বাড়তে পারে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে ও পরে এই মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত রুটগুলোর একটি। এ সময় বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। তাই লেন বন্ধ থাকলে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে।

এ বিষয়ে ফেনী সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামত জরুরি। এক লেনে যান চলাচল অব্যাহত থাকায় সাময়িক চাপ তৈরি হলেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। ঈদের পর কয়েকদিন যানবাহনের চাপ কম থাকে এবং ভারী যান চলাচল সীমিত থাকায় এই সময়কেই কাজের জন্য উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ