ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু ৮ মার্চ
আগামী বছরের ৮ মার্চ ঢাকা থেকে আদ্দিস আবাবা বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। গত সপ্তাহে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আফ্রিকান অ্যাভিয়েশন হাব হিসেবে পরিচিত ইথিওপিয়ার সঙ্গে বাংলাদেশের 'এয়ার সার্ভিস এগ্রিমেন্ট' (এএসএ) স্বাক্ষরিত হয়।
ঢাকায় এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন জানান, আগামী ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবসে ইথিওপিয়ার ফ্লাইট চালুর জোর প্রস্তুতি চলছে। ওই ফ্লাইটের সব ক্রু থাকবেন নারী। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পরে আরও বাড়ানো হবে। ঢাকা থেকে সরাসরি আদ্দিস আবাবা হয়ে দুনিয়াব্যাপী ফ্লাইট অপারেট করা হবে।
এই আফ্রিকান এয়ারলাইন জায়ান্টের উদ্বোধনী ফ্লাইটে বাংলাদেশ সফরে আসবেন ইথিওপিয়ার পরিবহন মন্ত্রী এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী।
'প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বিবেচনা করে বিভিন্ন কানেকটিং ফ্লাইটের ব্যবস্থা থাকবে। ইউরোপ এবং উত্তর আমেরিকার বড় বড় শহরগুলোতে আদ্দিস আবাবা থেকে ফ্লাইট রয়েছে', যোগ করেন তিনি।
সোহাগ হোসেন আরও জানান, ইথিওপিয়ান এয়ারলাইন যুক্তরাষ্ট্রের ১০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশের সঙ্গে তাদের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট শুরুর পর ঢাকা থেকে খুব দ্রুত প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে।
এই দুই দেশের মাঝে নানা কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশ ও ইথিওপিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ গত ৬ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষর করে। সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (ক্যাব)-এর চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল।
যাত্রী পরিবহন ও গন্তব্যের সংখ্যা, বিমানবহরের পরিসর এবং রাজস্বের পরিমাণ বিবেচনায় আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন ইথিওপিয়ান এয়ারলাইন্স। তাদের রয়েছে ১৪৭টি বিমান। সেবাদানে দেশের সংখ্যা বিবেচনায় তারা বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে