ঢাকা-১১: কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিটের শুনানি হতে পারে আজ
দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আজ মঙ্গলবার হতে পারে।
এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের করা রিট আবেদনটি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ৮২ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত রয়েছে। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, যা তিনি মনোনয়নপত্রের হলফনামায় গোপন করেছেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পায়।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের জন্য অনুপযুক্ত। বিষয়টি এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ সামনে রেখে রিটটি দায়ের করা হয়েছে। আশা করা হচ্ছে, আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এম এ কাইয়ুম বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে