দেশে ফিরলে ঢাকা অচল হয়ে যাবে: সাকিব
দেশে ফেরা ও নিজের তারকাখ্যাতি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর দাবি, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মধ্যে যে আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়তে পারে। সাকিবের ভাষ্য, এই বিশাল জনসমাগমের আশঙ্কা থেকেই অনেকে তাঁকে দেশে ফিরতে দিতে চাইছেন না।
সাক্ষাৎকারে সাকিব আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন, আদালতে গিয়ে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেও ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর দেশে ফেরা আটকে যায়।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, দেশে ফেরার পথে মূল বাধা নিরাপত্তার শঙ্কা এবং চলমান আইনি প্রক্রিয়া। হয়রানি করা হবে না—এমন নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই ফিরতে চান বলেও জানিয়েছিলেন। চলতি বছরের শেষ নাগাদ পরিস্থিতির সমাধান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।
মতামত দিন