ঢাকার সঙ্গে উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ওয়াশিংটন
বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারে নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতে আরও বেশি কারিগরি সহায়তা, গবেষণা ও বিনিয়োগ প্রয়োজন।
তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান।
মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি।
পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃষি, জ্বালানি সহায়তা এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকের শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে