ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান
ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানায় স্থানীয় সরকার বিভাগ।
এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক ঢাকা ওয়াসার দৈনন্দিন কার্যক্রম সুচারু রূপে পরিচালনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে ১৫ বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তাকসেম এ খান। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত ১৫ আগস্ট তাকসেমের অবশিষ্ট তিন বছরের চুক্তি বাতিল করে স্থানীয় সরকার বিভাগ। ২০২২ সালের অক্টোবরে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে