Views Bangladesh Logo

১০৬ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক উৎসব ও নানা একাডেমিক কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (১ জুলাই) ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষী গৌরব ও ঐতিহ্যকে স্মরণ করতে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক উপাচার্য-অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও হোস্টেলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে সমবেত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটির মূল আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে করতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত ক্লাস স্থগিত রাখা হয়, তবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় সাময়িকভাবে সব ধরনের যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা উপস্থিত থেকে পুরো আয়োজনের তদারকি করেন।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পাবলিক এই বিশ্ববিদ্যালয়টি আজ ১০৬ বছরে পদার্পণ করে। এ বছর বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—"উচ্চশিক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ঢাকা বিশ্ববিদ্যালয়"।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ