ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আজ সোমবার(১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চলতি শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে - কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ও ‘চারুকলা ইউনিট’। আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর একঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিটের’ জন্য দুটি জিপিএ’র যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য দুই জিপিএ’র যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য দুই জিপিএ’র যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য দুই জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে