ঢাকা টেস্টে হার টাইগারদের, সিরিজ ড্র
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা টেস্ট জিতে নিয়েছে কিউইরা। মিরপুরে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড পৌঁছেছে ৬ উইকেট হারিয়ে।
২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি টাইগাররা। মাত্র ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ওপেনার জাকির হাসান ছাড়া অন্য কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি।
৮৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন জাকির, হাঁকিয়েছেন ১টি ছক্কা ও ৬টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তাইজুল ইসলাম করেছেন ১৪ রান।
প্রথম ইনিংসে ৮ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রান। রান তাড়া করতে গিয়ে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। তবে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফিলিপস ৪৮ বলে ৪০ ও স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করে ম্যাচসেরা হয়েছেন ফিলিপস। এদিকে, সিলেটে প্রথম টেস্টে ১০ উইকেট ও ঢাকায় দ্বিতীয় টেস্টে ৫ উইকেট শিকার করে সিরিজসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে