ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট: ঢাকা
আটক ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতনের ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এবং অযৌক্তিক মন্তব্যে গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষুণ্ন করে’।
‘বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা গেছে, এমন কোনো খারাপ আচরণ বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, কোনো অবস্থাতেই আটক জেলেদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি’- বলা হয়েছে বিবৃতিতে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ উল্লেখ করতে চায় যে, আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ক্রু সদস্যদের বাংলাদেশে অবস্থানকালে যথাযথ আচরণ করা হয়েছিল’।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আন্তর্জাতিক নিয়মানুসারে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদেরকে কনস্যুলার অ্যাক্সেস দেয়া হয়েছিল, যারা জেলেদের আটকের সময় দেখতে গিয়েছিলেন। ২ জানুয়ারি জেলেদের কারাগার থেকে মুক্তি এবং ৪ জানুয়ারি মংলা থেকে প্রত্যাবাসনের সময়ও ছিলেন ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে