ডিএসইতে ২০ মিনিটে লেনদেন ২২৬ কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দিনেই চাঙ্গাভাব দেখা দিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রথম ২০ মিনিটেই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকায়, যা বিনিয়োগকারীদের জোরালো আগ্রহ ও ইতিবাচক মনোভাবের কারণেই লেনদেনে এমন ইতিবাচক গতি দেখা যাচ্ছে।
লেনদেন শুরুর পরপরই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৫১১ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানি ও ইউনিটের মধ্যে ৩৫২টির দর বেড়েছে, ১৫টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, দিনের শুরুতেই যে পরিমাণ লেনদেন হয়েছে, তা নির্বাচনের আগের সময়ের পুরো সাড়ে চার ঘণ্টার একটি পূর্ণাঙ্গ লেনদেন সেশনের প্রায় সমান। এটি বাজারে বাড়তি তারল্য ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের স্পষ্ট প্রতিফলন।
অন্যান্য সূচকেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১,১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ৩০টি নির্বাচিত বড় মূলধনী কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২,০৯৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড় ও মাঝারি মূলধনী শেয়ারের চাহিদা বৃদ্ধির কারণেই অধিকাংশ কোম্পানির শেয়ারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে। চার দিনের নির্বাচন-সংশ্লিষ্ট বন্ধের পর বিনিয়োগকারীরা নতুন উদ্যমে বাজারে ফিরে আসায় লেনদেনে গতি বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্ভাব্য অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর আজ থেকেই পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, দিনভর লেনদেনের এ উচ্চগতি অব্যাহত থাকতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে