Views Bangladesh Logo

ঢাকা শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রক্রিয়াগত অনিয়মের কারণে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। রোববার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম।

ডা. আলম জানান, যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং সে লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, “গতকাল পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং আগের নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে ৪২ জন চিকিৎসককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।”

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ২৯ জুন তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক ৬৫ জন চিকিৎসকের একটি তালিকা তৈরি করেন, যেটি হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক অনুমোদন করেন।

তবে এসব নিয়োগ কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই দেওয়া হয়। শুধু ১ জুন হাসপাতালের নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি টানানো হয়, যেখানে বলা হয়, জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে পাঁচটি শিশু চিকিৎসা বিশেষজ্ঞ শাখায় — শিশু মেডিসিন, শিশু সার্জারি, শিশু অ্যানেসথেসিয়া, ইএনটি ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে — ৪২টি পদের জন্য ৩৫ বছরের নিচে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে হাসপাতালে প্রশিক্ষণরত বা অধ্যয়নে নিয়োজিত চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

এরপর ২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের পরিচালকের কাছে অস্থায়ী নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চায়। ৭ জুলাই পরিচালক তার জবাবে জানান, বোর্ডের সিদ্ধান্ত ও হাসপাতালের নিজস্ব নিয়োগ নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে ১০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ