Views Bangladesh Logo

জলবায়ু ও টেকসই উন্নয়নে তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে দুই দেশ যখন প্রস্তুতি নিচ্ছে, সে সময়ই এ আহ্বান জানানো হলো।

রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে আসা বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম পক্ষ সম্মেলন (কপ-৩১) আয়োজনে তুরস্কের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড লিডার্স সামিট নিয়েও আলোচনা হয়, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি উঠে আসে।

কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান শামা ওবায়েদ। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ