সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে সরকার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পুরুষ ও এক নারী বাংলাদেশির বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দেন তিনি। ফেসবুকে প্রকাশিত পোস্টসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার কথাও বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন দেশটির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। রায়ের নথিপত্র পাওয়ার পর সেগুলো পর্যালোচনা এবং সৌদি সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি আরবের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের নাম ও পরিচয়সহ বিভিন্ন তথ্য নিয়মিত বিরতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জানায় দেশটির কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম ওই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, প্রবাসী কর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন, সে বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎসও। তাই বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মতামত দিন