ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজার থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় অপহরণের মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিমসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ মে) র্যাব-১৫ কক্সবাজার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৬ মে ধানমন্ডির ১৩/এ রোড এলাকায় নিজ বাসার সামনে থেকে মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে জোর করে সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীর পরিবার ধানমন্ডি মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে।
ঘটনার পর প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে অবস্থান করছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে অভিযান চালায় র্যাব। রাত ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও তার সহযোগী মো. আবু সাঈদ (২৪)–কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মোস্তাকিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। আর আবু সাঈদের বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল তাওহীদ। প্রস্তাবে সাড়া না দেওয়ায় সহযোগীদের নিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫–এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে