ভবেশের মৃত্যু নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের
দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে ঘিরে ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে হিন্দু সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ হিসেবে দাবি করলেও বাংলাদেশ সরকার বলছে, এই দাবি বাস্তবতা ও তথ্যনির্ভর নয়।
শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দুঃখজনক যে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এই ভিত্তিহীন মন্তব্যকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এমন দেশ নয়, যেখানে রাষ্ট্রীয় সমর্থনে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয়। সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর বিষয়ে তিনি জানান, পরিবার এবং স্থানীয় সূত্র অনুসারে, তিনি পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে বাইরে গিয়েছিলেন। এ নিয়ে তার পরিবারও কোনো সন্দেহজনক তথ্য দেয়নি।
প্রেস সচিব জানান, প্রাথমিক ময়নাতদন্তে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ভিসেরা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, এ বিষয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে।’
এর আগে, এক্সে দেয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের আরেকটি দৃষ্টান্ত, যেখানে অপরাধীরা বিচার এড়িয়ে যাচ্ছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে