Views Bangladesh Logo

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির নির্ধারিত শ্রেণিবিন্যাস অনুযায়ী, এ পরিমাণ বৃষ্টিপাত ‘অতি ভারী’ বর্ষণের মধ্যে পড়ে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে গত এক দিনে রাজধানীতে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবারও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সারাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ