Views Bangladesh Logo

ছয় মাসে ঢাকায় ১২১টি হত্যা, ২৪৮টি ডাকাতি: ডিএমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকা মহানগরীতে কতটি হত্যা, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার পরিসংখ্যান তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির তথ্যমতে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ঢাকা মহানগরের ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি হত্যা এবং ১০৬৮টি চুরির মামলা হয়েছে। এছাড়া মাসে ৭০টি চাঁদাবাজির মামলাও হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ‘পরিসংখ্যান সত্ত্বেও রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলে মনে করে ডিএমপি।’

নগরবাসীকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে তালেবুর রহমান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।’

এ সময় জননিরাপত্তা নিশ্চিতকরণে চলমান বিভিন্ন পদক্ষেপের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডিএমপি ৪৪১টি টহল দল মোতায়েন করেছে। তারা একাধিক চেকপোস্ট পরিচালনা করেছে এবং ডাকাতি, চুরি, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনাও জারি করেছে ডিএমপি। কর্মকর্তারা জানিয়েছেন, জনশৃঙ্খলা বিনষ্টের যে কোনো চেষ্টা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

থানা পর্যায়ে অননুমোদিত সালিশ এবং রাজনৈতিক জমায়েত প্রসঙ্গে তালেবুর রহমান বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং এগুলো ঘটলে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের অতিরিক্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তারা নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ