সার্ক প্রক্রিয়া জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সার্ক–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি প্রথম বাংলাদেশই উত্থাপন করে। ১৯৮০ সালের গোড়ার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কল্যাণ, জীবনমান উন্নয়ন এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেন। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে বাংলাদেশ বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সার্কের প্রাসঙ্গিকতা ধরে রাখতে সদস্য দেশগুলোর অবদানকে গুরুত্ব দেয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্ক বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে যাচ্ছে।
তিনি সার্কের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শক্তিশালী ও কার্যক্রম পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বভৌম সাম্য, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও পারস্পরিক সুবিধার নীতির প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে