ইউনূস-মোদি বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা, দিল্লির উত্তরের অপেক্ষা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তবে এই বৈঠক নিয়ে ভারতের ইতিবাচক উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা যেকোনো শীর্ষ পর্যায়ের বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখি। ভারতের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা চাই, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কেটে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। এখন ভারতের ইতিবাচক জবাবের অপেক্ষায় আছি।’
তাহলে কি দিল্লি প্রস্তুত নয়? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, ‘দিল্লি প্রস্তুত কি না, তা দিল্লিই বলবে। আমরা অপেক্ষা করছি।’
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে বলেছেন, ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে একটি বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।
দিল্লির কূটনৈতিক মহলে বিশ্বাস করা হচ্ছে যে ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হতে পারে। তাদের মতে, গত ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কমাতে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমনকি যদি কোনো কারণে ব্যাংককে এই বৈঠক না-ও হয়, তবুও নিকট ভবিষ্যতে তাদের সাক্ষাৎ প্রায় নিশ্চিত।
উল্লেখ্য, আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিতে ৩ এপ্রিল ব্যাংকক যাবেন ভারপ্রাপ্ত সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেক সম্মেলনে সরকারপ্রধানদের উপস্থিতি থাকবে ৪ এপ্রিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে