বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা
বসবাসের যোগ্যতায় পৃথিবীর ১৭৩টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। ঢাকার পেছনে রয়েছে মাত্র দুটি শহর—একটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি, অন্যটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।
প্রতি বছরের মতো এবারও শহরগুলোর বাসযোগ্যতার এই বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এই পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে তালিকাটি তৈরি করে ইআইইউ। এবারের মূল্যায়নে ঢাকার স্কোর হয়েছে ৪২। টানা দ্বিতীয় বছরের মতো ঢাকা হয়েছে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। গত বছরের তালিকাতেও ১৭৩ শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৭১তম।
এবার ৯৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শীর্ষ দশে এশিয়ার একমাত্র শহর হিসেবে জায়গা পেয়েছে জাপানের টোকিও।
অবশ্য ধারাবাহিক উন্নতির ফলে চীন ও জাপানের শহরগুলো গত কয়েক বছর ধরে তালিকার ওপরের দিকে স্থান করে নিচ্ছে।
মতামত দিন