Views Bangladesh Logo

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে: শামা ওবায়েদ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রচলিত আইন ও প্রযোজ্য প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের ফিরিয়ে আনার ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট মামলার রায় সম্প্রতি হওয়ায় আনুষ্ঠানিক নথিপত্র হাতে পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে আনার পর তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে জানান শামা ওবায়েদ। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের নিজস্ব আইনি প্রক্রিয়াও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ