ঢাকায় পুলিশের অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫০০, মামলা ৫৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগরীর বিভিন্ন থানায় পৃথক ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এরপর মতিঝিল বিভাগে ৮৫ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, লালবাগ বিভাগে ৪৯ জন এবং রমনা বিভাগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া উত্তরা বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচ কেজি ওজনের পিতলের জালি উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধারের কথাও জানিয়েছে ডিএমপি।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন