Views Bangladesh Logo

ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক শূন্য থেকে শুরু নয়: এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না,  বরং গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক বন্ধনের ওপর ভিত্তি করে এগিয়ে চলছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে—যা নতুন সরকার প্রধান তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো গণমাধ্যমে তার প্রথম সাক্ষাৎকার—তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক “ধীরে কিন্তু নিশ্চিতভাবে” এগিয়ে যাচ্ছে।

খলিলুর রহমান জানান, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে এবং এ ক্ষেত্রে তাড়াহুড়োর বদলে ধৈর্যের প্রয়োজন রয়েছে।

জ্বালানি সহযোগিতাকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংকটের সময় ভারত দ্রুত সাড়া দেয়। “আমাদের একটি পাইপলাইন রয়েছে এবং ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করছে,” বলেন তিনি। পাশাপাশি সরবরাহ বাড়ানোর জন্য সম্প্রতি ঢাকা অনুরোধ জানিয়েছে বলেও উল্লেখ করেন।

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির আসন্ন পর্যালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্য ও জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পানি সীমিত, এবং সীমান্তের দুই পাশের মানুষের জীবিকা অভিন্ন নদীগুলোর ওপর নির্ভরশীল,” বলেন তিনি।

আঞ্চলিক ভূরাজনীতি প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিকে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখে না। চীনের সঙ্গে সম্পর্কসহ অন্য দেশের সঙ্গে সম্পর্ককে কোনো উদ্বেগের বিষয় হিসেবে দেখা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অর্থনৈতিক পরিপূরকতা, সীমান্ত সংযোগ এবং যৌথ অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, সহযোগিতার সুফল দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে।

সবশেষে তিনি বলেন, “ভারত কোনো বাহ্যিক অংশীদার নয়, বরং বাংলাদেশের জন্য একটি কাঠামোগত উপস্থিতি।”

সম্প্রতি খলিলুর রহমান দিল্লি সফর করেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে মরিশাসে একটি অনুষ্ঠানের ফাঁকে তিনি এনডিটিভিকে এই সাক্ষাৎকার দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ