ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে বিশেষ সময়সূচি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন রাজধানীর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে যাত্রীদের সুবিধার্থে বিশেষ সময়সূচিতে ট্রেন চলবে।
ডিএমটিসিএলের নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন চলবে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
কর্তৃপক্ষ জানায়, এই সময়সূচিতে মেট্রোরেল ১২ থেকে ১৫ মিনিট ব্যবধানে চলাচল করবে। যাত্রীচাপ অনুযায়ী ট্রিপের সংখ্যা প্রয়োজন হলে সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহার করা হবে।
টিকিট ও র্যাপিড পাস রিচার্জের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও রিচার্জ করা যাবে। তবে শুক্রবারে টিকিট বিক্রি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিট (উত্তরা) এবং ৩টা ৫ মিনিট (মতিঝিল) থেকে।
এছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে র্যাপিড পাস ক্রয় ও রিচার্জের সুবিধা চালু থাকবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, শুধু ঈদের দিনই মেট্রোরেল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে