মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রস্তাবিত বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
এ ছাড়া মালয়েশিয়া থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের দেশটির ব্যাংকে থাকা আমানত সহজে উত্তোলনের সুযোগ, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল খাজানাহর সঙ্গে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের প্রস্তাবিত তহবিলে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনাও বৈঠকে আলোচনায় আসে।
উভয় পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। আলোচনায় উঠে আসা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে নিজের আগ্রহের কথাও জানান তিনি।
মতামত দিন