শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০২৫
২০তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এর পর্দা উঠল আজ। তিন দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান। বাংলাদেশ মনিটরের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিকে। মেলার টাইটেল স্পন্সর পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন দেখা যায় ৬০টির অধিক দেশি-বিদেশি পর্যটন সংস্থা, এয়ারলাইনস, রিসোর্ট, হোটেলসহ ট্যুর অপারেটর কোম্পানির পসরা বসেছে। দর্শনার্থীরাও ভিড় করছেন সেখানে। মেলায় ঢুকতে লাগছে জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফি। দর্শনার্থীদের আকৃষ্ট করতে মেলায় প্রতিষ্ঠানগুলো দিচ্ছে দেশি-বিদেশি হোটেল, রিসোর্টসহ, এয়ারলাইনসের টিকিটে আকর্ষণীয় মূল্যছাড়।
মেলায় অংশ নেয়া ট্রাভেল কোম্পানি ‘ফাস্ট ট্রিপ’-এর চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, পর্যটকসহ ট্রাভেল কোম্পানিগুলোর প্রচার স্বার্থে এই মেলা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা এ মেলা উপলক্ষে আমাদের কোম্পানিসহ এয়ার টিকিটে বিশেষ মূল্যছাড় রাখছি। পর্যটকদের আমাদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সুন্দর ভ্রমণের আয়োজনই আমাদের মুখ্য।
আরেক পর্যটন কোম্পানি রূপকথা ট্যুরসের সেলস এক্সিকিউটিভ আয়েশা সিদ্দিকা জানান, বিশ্বের বেশিরভাগ দেশেই তাদের মাধ্যমে পর্যটন করতে পারবেন ট্রাভেলাররা। তাদের মাধ্যমে পাবেন হোটেল, রিসোর্টসহ বিমানের টিকিটে বিশেষ সুবিধা। এ ছাড়া মেলা ঘুরতে আসা দর্শনার্থীরা জানান মেলার মাধ্যমে তারা সহজে দেশ ও দেশের বাইরে যাবার সহজ পরিক্রমা সম্পর্কে জানতে পারছেন।
দর্শনার্থী লোকমান হোসেইন ভূঁইয়া বলেন, ‘আমি রিসেন্টলি কিছু ট্রাভেল কোর্স করেছি, সেখান থেকে আগ্রহ নিয়ে এখানে এসেছি তাছাড়া দেশের বাইরে যাওয়ার জন্য বিশেষ সুবিধা পাওয়া যায় মেলার মাধ্যমে কোম্পানিগুলোর সঙ্গে পরিচিত হয়ে সেগুলো জানতে এসেছি।’
বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিয়েছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া মেলায় প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা অংশ নিতে পারবেন র্যাফেল ড্র-তে সেখানে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের মধ্যে বিমানের টিকিট জেতার বিশেষ সুযোগও রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে