২৫ বছরে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ
নতুন বছর এলেই রাজধানীর ভাড়াটিয়াদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বাড়িভাড়া। বছর ঘুরতে না ঘুরতেই অনেক বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর নোটিশ দেন।
কারো ভাড়া একবারে তিন হাজার টাকা, আবার কারো ক্ষেত্রে এর চেয়েও বেশি বাড়ানো হচ্ছে। অথচ সেই অনুপাতে বাড়ছে না আয়। ফলে বাড়তি ভাড়ার চাপ সামলাতে কেউ বাসা ছাড়ছেন, আবার কেউ সংসারের অন্যান্য খরচ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। বর্তমানে রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের প্রায় অর্ধেক ব্যয় করেন বাড়িভাড়া পরিশোধে। অন্যদিকে ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশই চলে যায় বাড়িভাড়ায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ।
ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হলেও এখন পর্যন্ত এর বিধিমালা তৈরি এবং আইন বাস্তবায়নে কার্যকর কর্তৃপক্ষ গঠন করা হয়নি। ফলে অনেক বাড়িওয়ালা নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছেন।
অন্যদিকে ভাড়াটিয়াদের প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত। এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতেও বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে ভাড়াটিয়াদের।
তবে বাড়িওয়ালাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বাড়াতে হচ্ছে। তাদের ভাষ্য, আগে একটি ভবন রং করতে যেখানে ১৫ হাজার টাকা খরচ হতো, এখন সেখানে ব্যয় হচ্ছে ২৮ হাজার টাকা। এ ছাড়া পানির পাম্প, লিফটের সার্ভিসিং এবং গ্যাস ও বিদ্যুতের খরচও বেড়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাড়িভাড়া নিয়ে নাগরিকদের অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন সচেতন রয়েছে। ভাড়াটিয়ারা এ বিষয়ে অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীতে বসবাস ক্রমেই কঠিন হয়ে উঠবে।
মতামত দিন