Views Bangladesh Logo

বিশ্বকাপ ঘিরে শুরু হচ্ছে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’, বসছে ১৩ ‘ফ্যান জোন’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এক অভূতপূর্ব উন্মাদনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘হাউজ’ ও ‘অ্যাথলিট স্পোর্টস গিয়ার’-এর যৌথ উদ্যোগে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ফুটবল উৎসব।

আগামী ৯ জুন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’র মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বর্তমান ও সাবেক জাতীয় তারকা ফুটবলারদের পাশাপাশি বিনোদন জগতের জনপ্রিয় তারকারাও এই জমকালো উৎসবে যোগ দিয়ে বিশ্বকাপ নিয়ে তাদের রোমাঞ্চের কথা শেয়ার করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলকে বিশেষ সম্মাননা জ্ঞাপন। এছাড়া বিশ্বকাপের জার্সি নিয়ে আকর্ষণীয় ফ্যাশন শো এবং ডিজে ফিউশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত থাকবে।

‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’র পর দেশজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য শুরু হবে বিশ্বকাপের ম্যাচ দেখার মহাযজ্ঞ। ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে সারা দেশের মোট ১৩টি জোনে স্থাপন করা হবে বিশাল পর্দা (বিগ স্ক্রিন), যা “ফ্যান জোন” হিসেবে পরিচিতি পাবে।

আগামী ১১ জুন রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকার তিনটি জোনে এই ‘ফ্যান জোন’গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি এই ফ্যান জোনগুলোতে থাকবে হরেক রকমের ফুডস্টল, গেমিং জোন ও জার্সি ফেস্ট। একই সাথে সাধারণ দর্শকদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ।

সংশ্লিষ্টরা আশা করছেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ ও উন্মাদনা রয়েছে, তাকে এক সুতোয় গেঁথে এই “ঢাকা ফুটবল ফিয়েস্তা” ও “ফ্যান জোন” দেশের ফুটবল সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা যোগ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ