প্রশ্ন ফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ শনিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে চলমান পরীক্ষা কার্যক্রম ব্যাহত করাই এই চক্রের লক্ষ্য।
ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে 'এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ' নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রচারণাই গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে