নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। বিলম্ব ফি ছাড়া এ কার্যক্রম চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (২৭ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা প্রফেসর ড. মো. মাসুদ রানা খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া প্রতি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। নির্ধারিত সময় পার হওয়ার পর বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন করতে হলে অতিরিক্ত ১৪০ টাকা দিয়ে মোট ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে। শুধু অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অবশ্যই ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। এর বাইরে বয়স হলে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।
রেজিস্ট্রেশন কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য জমা দেওয়ার আগে ভর্তি ফরমের সঙ্গে সব তথ্য যাচাইয়ের দায়িত্ব থাকবে এ কমিটির ওপর। কোনো ধরনের তথ্যগত ভুল হলে প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন। পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত না করারও নির্দেশ দিয়েছে বোর্ড।
বিভাগ নির্বাচন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতির ভিত্তিতে মানবিক, বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণ করতে হবে। তবে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও বিভাগ নির্বাচন করা যেতে পারে।
রেজিস্ট্রেশন ফি জমা দিতে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে বোর্ডে উপস্থিত হতে হবে না। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ‘eSIF’ ফরম পূরণ করা যাবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে বা এ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।
মতামত দিন