রিয়াদে বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবরের এই হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের কাজ চলছে।
হামলায় নিহত দুই বাংলাদেশিসহ সব ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, “বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং সাধারণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হতে হবে।”
একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং আলোচনার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
মতামত দিন