উপাচার্যের কাছে সাত দফা দাবি জানালেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্যের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রোববার (২৬ জুলাই) রাজধানীর ঢাকা কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এসব দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ, প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে আয়োজন, সাত কলেজের শিক্ষকদের সমন্বয়ে কেন্দ্রীয় একাডেমিক কাউন্সিল বা পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গঠন, একাধিক প্রশ্নপত্র প্রস্তুতের মাধ্যমে গোপনীয়তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে ফল প্রকাশ, পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রথম বর্ষ থেকেই আবাসিক সুবিধা চালু করা।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব চলমান শিক্ষাবর্ষকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।
তারা আরও বলেন, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিবর্তন করে পূর্বঘোষিত সূচি অনুযায়ী নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে পরীক্ষা নেওয়া উচিত।
এদিকে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি সরাসরি শুনতে রোববার থেকেই বিভিন্ন ক্যাম্পাসে মতবিনিময় সভা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে সকালে ঢাকা কলেজ অডিটোরিয়ামে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
মতামত দিন