Views Bangladesh Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীর সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হবে বলেও তিনি জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা শেষে ফাইলটি আবারও পর্যালোচনা করা হবে।

এর আগে রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর অধীনে আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির বিশেষ আদেশে জারি করা ওই অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘অধিভুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা ছিল।

গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভেঙে যাওয়ায় জরুরি পরিস্থিতি বিবেচনায় সেদিন থেকেই এটি কার্যকর করা হয়।

নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য রাজধানীর যে সাতটি সরকারি কলেজের নাম অন্তর্ভুক্ত করা হয়, সেগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

এর আগে গত বছরের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজধানীর সাত কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। পরে ১২ নভেম্বর তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ