Views Bangladesh Logo

খাল-নদী দখলমুক্ত না করলে ঢাকাকে রক্ষা করা যাবে না: মির্জা ফখরুল

রাজধানীর খাল ও নদীগুলো দখল-দূষণমুক্ত করতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীর পরিচয় নয়, সচেতন নাগরিক হিসেবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, একসময় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পানি ছিল স্বচ্ছ। কিন্তু দূষণের কারণে এখন নদীগুলো প্রায় মৃতপ্রায়। ভূগর্ভস্থ পানির স্তরও আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এ কারণে প্রতিদিন মেঘনা নদী থেকে ৫০ কোটি লিটার পানি ঢাকায় আনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদী এবং প্রাকৃতিক খালগুলো দখল ও দূষণমুক্ত করতে না পারলে রাজধানীকে রক্ষা করা সম্ভব হবে না। পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও দূর করতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন কোনো ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সিটি করপোরেশনের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয়হীনতার কারণে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়িসহ নানা ভোগান্তি তৈরি হয়। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশনকে আরও শক্তিশালী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার প্রয়োজন রয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করলেই পরিবর্তন আসবে না। ক্যান্টনমেন্ট ও বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারির ফলে মানুষ যেমন ট্রাফিক আইন মেনে চলছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাতেও নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।

বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, গত পাঁচ দশকে অসংখ্য সেমিনার ও কর্মশালা হয়েছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—‘আমার শহর আমি পরিষ্কার রাখব’—এই মানসিকতা গড়ে তোলা।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক, ডিএমপি ও বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ