Views Bangladesh Logo

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সেমিনার বাতিলকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলছে ঢাকা

নয়াদিল্লিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বক্তাদের নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনার গত ২৯ আগস্ট দিল্লি পুলিশের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যাওয়াকে ভারতের পক্ষ থেকে নেওয়া ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশ যেমন ভারতে পলাতক কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পলাতক সন্ত্রাসী বা গুরুতর অপরাধে অভিযুক্ত কাউকেও ভারতের কোথাও আশ্রয় দেওয়া হবে না—এমন প্রত্যাশা ঢাকার।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি এই ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবেই এমন পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে সদিচ্ছা তৈরিতে সহায়ক।’

হুমায়ুন কবির বলেন, ‘গত ৫ আগস্ট দিল্লি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদমাধ্যমে বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ বিষয়ে ঢাকা স্পষ্টভাবে ভারতের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে।’ বাংলাদেশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, দিল্লিতে বসে শেখ হাসিনার এমন কর্মকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হতে পারে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অনুষ্ঠান একটি বেসরকারি গণমাধ্যম আয়োজন করেছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।

সেই প্রেক্ষাপটেই সাম্প্রতিক দিল্লি সেমিনার বাতিলের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের আলোচনা আবার চলছে। উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে সফরটি অবশ্যই হবে। সফরের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর কর্মসূচি, পারস্পরিক সম্মান এবং উভয় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে।’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের আগে সফর হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সফর নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে—এমন ধারণাও নাকচ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তারিখ নির্ধারণ না হওয়ার অর্থ এই নয় যে, আলোচনা বন্ধ ছিল। আমরা কোনো তারিখ ঠিক করিনি, কিন্তু আলোচনা চলমান ছিল।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ