Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ এবং প্রশ্নপত্র গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের তথ্যাদি জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভির ডিভিআর বা এনভিআর-এর সাথে ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এই সংক্রান্ত তথ্য আগামী ৮ জুনের মধ্যে বোর্ডের নির্ধারিত ইমেইল ঠিকানায় (controller@dhakaeducationboard.gov.bd) পাঠাতে হবে।

বোর্ড কর্তৃক চাওয়া তথ্যের মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ডের নাম এবং ডিভাইস সিরিয়াল নম্বর। এর পাশাপাশি যেসব শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসার ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে। সংশোধিত সময়সূচী অনুযায়ী আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ