চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে ঢাকা-বেইজিং: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহব্যবস্থায় নতুন সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে, যা আগামী কয়েক দশকে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘তুলনামূলক শাসনব্যবস্থা ফোরাম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি বিআইআইএসএস ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করেছে।
হুমায়ুন কবির বলেন, চীনের উন্নত প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করেছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফর দুই দেশের পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি জানান, বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডর এবং তিস্তা প্রকল্প নিয়ে চীন আশাবাদী।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)–এর আওতায় শিল্প, অবকাঠামো ও উন্নয়ন কৌশলে সমন্বয় বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে। পাশাপাশি নদী উন্নয়ন, চীন–বাংলাদেশ–মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুদান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চেন ঝিমিন। সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
মতামত দিন