ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশন–এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন–এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন–এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশন–এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকরা সিটি করোপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে