Views Bangladesh Logo

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ১৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার সকাল ৯টা ২ মিনিটে বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১২১।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী এই স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। এর ফলে শিশু, বয়োবৃদ্ধ এবং হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এই মাত্রার প্রভাব খুব একটা দেখা যায় না।

একই সময়ে ১৭৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা এবং ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।

সাধারণত ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়।

প্রতিদিনের বায়ুদূষণের মাত্রা ও স্বাস্থ্যঝুঁকি জানাতেই এই একিউআই সূচক প্রকাশ করা হয়ে থাকে। বাংলাদেশে প্রধানত পাঁচটি দূষকের ওপর ভিত্তি করে এটি তৈরি হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। শুষ্ক ও শীতকালে শহরের বাতাসের মান দ্রুত খারাপের দিকে যায় এবং বর্ষার মৌসুমে বৃষ্টিপাতের কারণে বাতাস কিছুটা পরিচ্ছন্ন হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এদের বড় একটি অংশ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে প্রাণ হারান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ