Views Bangladesh Logo

হামের রোগীকে ফিরিয়ে না দিয়ে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকট বা অন্য কোনো অজুহাতে হাম বা হামের উপসর্গ নিয়ে আসা রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। এর আগে গত ২১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই জরুরি নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত শয্যার সংস্থান করতে হবে। এ ছাড়া যথাযথ চিকিৎসা নিশ্চিত না করে বা প্রাথমিক স্থিতিশীলতা না এনে কোনো রোগীকে অন্যত্র স্থানান্তর বা ‘রেফার’ করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কেবল উন্নত বা জটিল চিকিৎসার প্রয়োজন হলেই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা যাবে। তবে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত 'রেফারাল চেইন' বা নিয়ম অনুসরণ করতে হবে। এই নিয়ম লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে শয্যা সংকটের কারণে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ