Views Bangladesh Logo

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সব হাসপাতালে ৬ নির্দেশনা

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ছয় দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আগামী ১৭ আগস্টের মধ্যে সব প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা, তদারকি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ছয়টি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো—

-সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন।

-ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়মিত তদারকি করবেন।

-মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

-বিভাগীয় পরিচালকরা নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেবেন।

-সিভিল সার্জনরা প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন দাখিল করবেন।

-আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত

-বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ