বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।
আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে। এর আগে হেদায়েতি বয়ান করা হবে। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা। ইজতেমার প্রথম পর্বে শিল্পনগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।
আজ সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতি বছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।
এর আগে, বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে