বাংলাদেশে উন্নয়ন প্রকল্প দুই দেশের আলোচনার ভিত্তিতেই চলছে: জয়সওয়াল
বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাতিল হওয়ার আশঙ্কা নাকচ করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, দেশটিতে ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচি দুই দেশের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় তা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন সহযোগিতা কর্মসূচি রয়েছে, তা দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং বর্তমানেও বিষয়টি সেভাবেই চলছে।’
তিনি জানান, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো একটি যৌথভাবে অনুমোদিত রোডম্যাপের আওতায় পরিচালিত হয়, যা দুই দেশ নিয়মিত পর্যালোচনা করে থাকে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ভারতের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। গত কয়েক বছরে অবকাঠামো, সড়ক, রেলপথ, নৌপথ ও বন্দর উন্নয়নে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের তিনটি ঋণ সহায়তা দিয়েছে ভারত।
ভারতের সহায়তায় বাংলাদেশে আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, মোংলা বন্দর পর্যন্ত রেলপথ, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা খাতে স্থানীয় পর্যায়ে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয়ে ৯৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত।
জ্বালানি খাতেও দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। এর আওতায় ভারত থেকে বাংলাদেশে নিয়মিত বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের উন্নয়ন সহযোগিতা কার্যক্রম পারস্পরিক স্বার্থ ও বোঝাপড়ার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্কের ধারাবাহিকতায় এসব প্রকল্প এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত দিন