ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হলো ভারত ফেরত মাহদীকে
ভারত থেকে দেশে ফেরার পর মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে ভারতের নয়াদিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর ইমিগ্রেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
জানা গেছে, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে দিল্লিতে অবস্থান করছিলেন মাহদী। ভিসা প্রক্রিয়ার জন্য ভিএফএস গ্লোবাল–এর মাধ্যমে যোগাযোগ করেছিলেন বলেও জানা যায়। পরে ইউরোপগামী একটি ফ্লাইটে যাত্রার সময় দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং ঢাকায় ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর তিনি ফেসবুক লাইভে এসে ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করেন।
এর আগে থানায় আগুন ও এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার মন্তব্যের অভিযোগে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তিনি ব্যাপক সমালোচনায় আসেন। ওই ঘটনার পর গত ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হলেও পরদিন জামিনে মুক্তি পান। এরপরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে